এমপি ওসমান ফারুককে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা

মো. মনির হোসেন: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. এম. ওসমান ফারুক ও তাঁর রাজনৈতিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন টুটুলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ সভা করেছে করিমগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম রাসেল করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে করিমগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কথিত মিথ্যা ও আপত্তিকর পোস্টের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা।

সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মেজবাহ উদ্দিন তুহিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান দুলাল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. মোশাররফ হোসেন, মহিলা দলের সভাপতি মিলি আক্তারসহ অন্য নেতারা।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি আইডি থেকে সংসদ সদস্য ড. এম. ওসমান ফারুক, তাঁর সমন্বয়ক মেজবাহ উদ্দিন টুটুল এবং স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে জড়িয়ে আপত্তিকর পোস্ট ও ভিডিও প্রচার করা হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে তাঁদের রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে দাবি করেন তাঁরা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান দুলাল শিকদার বলেন, সংসদ সদস্য ওসমান ফারুকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। তিনি আরও দাবি করেন, ওসমান ফারুক শারীরিক চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং শিগগিরই দেশে ফিরবেন।

করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল বলেন, সংসদ সদস্য ড. ওসমান ফারুকের বিরুদ্ধে অপপ্রচার এবং তাঁর দেশে ফেরা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতা ও সংসদ সদস্যের সমন্বয়ক মেজবাহ উদ্দিন টুটুলকে নিয়ে ভিত্তিহীন লেখালেখির অভিযোগ তুলে তিনি বলেন, এসব বিষয়ে জেলা বিএনপির কাছে লিখিত রেজুলেশন পাঠানো হবে। অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। পাভেল আশা প্রকাশ করেন, আগামী মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে ওসমান ফারুক তাঁদের মাঝে ফিরে আসবেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. মোশাররফ হোসেন বলেন, সংসদ সদস্য ওসমান ফারুকের বিরুদ্ধে অপপ্রচার দলের ঐক্য নষ্ট করার অপচেষ্টা। তিনি বলেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বক্তব্য ও পোস্ট দেওয়া অব্যাহত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এদিকে, নুর আলম রাসেলের করা জিডিতে উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে দৈনিক বাকশাল, করিমগঞ্জের টপ নিউজ ও Rono Dorbari নামের তিনটি আইডি থেকে সংসদ সদস্যের সমন্বয়ক মেজবাহ উদ্দিন টুটুলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ও আপত্তিকর পোস্ট প্রচার করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এসব পোস্টের মাধ্যমে তাঁদের জনপ্রিয়তা নষ্ট ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

জিডিতে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। করিমগঞ্জ থানায় ২১ অক্টোবর জিডিটি নথিভুক্ত করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ