করিমগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
করিমগঞ্জ (কিশোরগঞ্জ )প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় করিমগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার ও উপজেলা প্রকৌশলী শফিকুল রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার ও নিজ নিজ পরিবেশ থেকে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে করিমগঞ্জ সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করে। এ সময় সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সামনে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নিরাপদে তা নিয়ন্ত্রণ করতে হয়, তা হাতে-কলমে দেখানো হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে করিমগঞ্জ উপজেলা প্রশাসন এবং ব্যবস্থাপনায় ছিল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

