জাঙ্গালিয়ায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর
নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনিয়ারীকান্দায় দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত রাস্তা ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে চলাচল উপযোগী করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাহাঙ্গীর আলম।
দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভাঙা থাকায় মুনিয়ারীকান্দা থেকে তালতলা বাজারে যাতায়াতকারী সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। একইসঙ্গে চর আদর্শ কলেজ ও চরকাওনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
এ অবস্থায় স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে জাহাঙ্গীর আলম নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কারকাজ করেন। এতে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে বলে স্থানীয়রা জানান।
জাহাঙ্গীর আলম বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চান তিনি। এ কাজে আরও এগিয়ে যেতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাঙ্গালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেন বাবুল, মো. ফাহিম, মো. জিহাদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

