কুলিয়ারচরে রাতের আঁধারে দুই কৃষকের ৩০টি চারা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাতের আঁধারে দুই কৃষকের বাগান ও বসতবাড়ির আঙিনায় লাগানো ২৫ থেকে ৩০টি ফলজ ও বনজ চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দুই পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মৌলভী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল খালেকের দুই ছেলে মো. আইন উদ্দিন (৪০) ও মো. মোস্তফা (৩৫) বসতবাড়ির আঙিনা ও পাশের বাগানে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। এর মধ্যে কাঁঠাল, আম, কলা, চালতা ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল।

শনিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাগানে ঢুকে প্রায় ২৫ থেকে ৩০টি বাড়ন্ত চারা গাছ কেটে ফেলে। সকালে বিষয়টি দেখতে পেয়ে ভেঙে পড়েন দুই ভাই। খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত মানুষ ক্ষতিগ্রস্ত বাগানটি দেখতে সেখানে ভিড় করেন।

ভুক্তভোগী কৃষক আইন উদ্দিন ও মোস্তফা জানান, সম্প্রতি বাগানের নিরাপত্তার জন্য বাড়ি ও বাগানের সীমানা ঘেঁষে কয়েকটি বাঁশের বেড়া দিয়েছিলেন তারা। এতে আগে বাগানের ভেতর দিয়ে যাতায়াত করা কয়েকজনের চলাচলে সাময়িক সমস্যা সৃষ্টি হয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে কেউ পরিকল্পিতভাবে রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলেছে বলে তাদের ধারণা।

স্থানীয় ২ নম্বর ওয়ার্ড সদস্য হেলিম বলেন, “এই ধরনের বর্বরতা মেনে নেওয়া যায় না। গাছগুলোর সঙ্গে এমন নিষ্ঠুর শত্রুতা সত্যিই মর্মান্তিক। বাঁশ দিয়ে বেড়া দেওয়ার কারণে কারও যাতায়াতে সমস্যা হলে আমাকে জানালে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু এভাবে নিরীহ কৃষকদের এত বড় ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়।”

তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী দুই ভাই ঘটনার সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল (কাজল) বলেন, “স্থানীয় ইউপি সদস্য হেলিমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করার খবর পাওয়া যায়নি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ