জন্মদিনে মেয়েকে কাছে না পাওয়ায় আবেগঘন পোস্ট গায়ক ইমরানের
নিউজ ডেস্ক:
সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন ছিল শনিবার (৫ সেপ্টেম্বর)। কিন্তু বর্তমানে কনসার্ট ট্যুরের কারণে পরিবার ও মেয়েকে ছাড়াই আমেরিকায় জন্মদিন উদযাপন করেন তিনি। তার সেই জন্মদিনে আবেগঘন একটি বার্তা সামাজিক মাধ্যমে পোস্ট করেন এ সংগীতশিল্পী।
গায়ক ইমরান মাহমুদুল কাজের সূত্রে বর্তমানে আমেরিকায় থাকায় পরিবার ও সন্তানকে ছেড়ে দূরে থেকে জন্মদিন কাটানোর কষ্টের কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি। মেয়েকে ছেড়ে দূরে থাকা একজন বাবার জন্য কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা তার জন্য কঠিন। অত্যন্ত কষ্টদায়কও বলে মনে করেন তিনি। এ ছাড়া তার জন্মদিনে শুভেচ্ছা-ভালোবাসা জানানোর জন্য তিনি ভক্ত-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তবে বিশেষ এই দিনটিতে দূর প্রবাসে থাকলেও ভক্ত, সহকর্মী ও প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
জন্মদিনের দিনে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে আয়োজিত ‘ফোবানা’ কনভেনশনে গান পরিবেশন করেন ইমরান মাহমুদুল। পর দিন লস অ্যাঞ্জেলেসেও ফোবানার আরেকটি শো রয়েছে তার। জন্মদিনের শো এবং প্রবাসে কাটানো অনুভূতি নিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন এ সংগীতশিল্পী।
নিজের ব্যান্ড ‘কিংস’-এর সদস্যসহ জনপ্রিয় সংগীতশিল্পী কণা, অভিনেতা জায়েদ খান, সুরকার ইমন সাহা, নির্মাতা এসএ অলক এবং ‘ফোবানা’র আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরিবার থেকে দূরে থেকেও সেখানে নতুন এক পরিবার খুঁজে পেয়েছেন বলেও জানান ইমরান মাহমুদুল।

