কিশোরগঞ্জে দলিল লেখক সমিতির অভিষেক, শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
মো. মনির হোসেন: বাংলাদেশ দলিল লেখক সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের গাইটালস্থ আলমগীর হোসেন সিটি কনভেনশন হলে জেলা দলিল লেখক সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাড. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম বাহাদুর।
বক্তারা বলেন, কিশোরগঞ্জে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকার কারণে অফিসগুলোতে সেবাগ্রহীতারা চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। কিশোরগঞ্জে দীর্ঘ সময় ধরে এই পদটি শূন্য থাকায় খণ্ডকালীন বা প্রেষণে (অতিরিক্ত দায়িত্ব) আসা কর্মকর্তাদের দিয়ে নামমাত্র কার্যক্রম চালানো হচ্ছে। এর ফলে জমি ক্রয়-বিক্রয়, হেবা, দানপত্র বা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনের মতো জরুরি নাগরিক সেবাগুলো স্থবির হয়ে পড়েছে।
দুটি পর্বের অনুষ্ঠানমালায় আমন্ত্রিত অতিথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে ফরিদুল ইসলাম বাহাদুর, শামছুল করিম লিটন, রিয়াদ হোসেন, খালেক মোশারফ লিটন, কামরুল ইসলাম বাবু, নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সেবা গ্রহীতাদের দুর্ভোগ লাঘব এবং সমিতির ঐক্য সুদৃঢ় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
সমগ্র অনুষ্ঠানমালার মধ্যে প্রথম অধিবেশনে তাড়াইল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শরীফুল মাহমুদ শোয়েব ও দ্বিতীয় অধিবেশনে জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন বাবুল সভাপতিত্ব করেন। এছাড়া সঞ্চালনায় ছিলেন জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন খান মানিক।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে দলিল লেখক সমিতির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

