ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন ড্রেন থেকে আনুমানিক ৪ থেকে ৫ মাস বয়সী একটি মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনের ড্রেন থেকে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ভ্রূণটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।

স্থানীয়রা জানান, ড্রেনে ভ্রূণটি পড়ে থাকতে দেখে প্রথমে কয়েকজন পথচারীর নজরে আসে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি ভ্রূণটি সেখানে ফেলে রেখে যেতে পারেন। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রূণটি উদ্ধার করে। এ ঘটনায় ভ্রূণের পরিচয় ও কীভাবে সেটি সেখানে এসেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, “ড্রেন থেকে একটি মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্রূণটির বয়স ৪ থেকে ৫ মাস। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”

স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানের সামনে এমন ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ