ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের পাশে শিমুলতলী ব্রিজসংলগ্ন আত্রাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—রসপুর গ্রামের যুবদল নেতা তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা দুজনই শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশু দুটি বাড়ির পাশের আত্রাই নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদীর পানিতে নামলে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় রসপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাছ ধরতে নদীর পানিতে নামার পর দুই শিশু তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

