সান্তাহার পৌরসভায় ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ২১০টি গাছের চারা বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পৌর এলাকার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১০টি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে গাছের পরিচর্যার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা করে মোট ১২ হাজার ৬০০ টাকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় সান্তাহার পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগম। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো এবং আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।

এ সময় সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মাশফিকুর রহমান মাশফি, কর কর্মকর্তা শফিউল আলম জেমস, হিসাবরক্ষক বকুল হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গাছের চারা রোপণের পাশাপাশি সঠিকভাবে পরিচর্যা নিশ্চিত করতে হবে।

সান্তাহার পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় ছয় মাসে এক হাজার গাছ রোপণের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হচ্ছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ