ফ্যামিলি কার্ড পেতে কাউকে তদবির বা টাকা দিতে হবে না: এমপি জালাল উদ্দিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ সরকারের বিভিন্ন সুবিধা পেতে কাউকে তদবির করতে হবে না। কার্ডের জন্য কাউকে ১০ টাকাও না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পাকুন্দিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং অসহায়-দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জালাল উদ্দিন বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ সরকারের বিভিন্ন সুবিধার জন্য কাউকে তদবির করতে হবে না। আমার কাছে, ইউএনওর কাছে কিংবা কোনো নেতাকর্মীর কাছে তদবির করতে হবে না। কার্ডের জন্য ১০ টাকাও কাউকে দেবেন না।”

তিনি বলেন, বর্তমান সরকার দরিদ্র ও অসহায় মানুষের সরকার। সমাজের দরিদ্র ও অসহায় মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, পাকুন্দিয়ায় এখনো এসব কার্ড বিতরণ শুরু হয়নি। অচিরেই কার্ড বিতরণ শুরু হতে পারে। এ জন্য তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে যারা এসব কার্ড পাওয়ার যোগ্য, তাদের কার্ড দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ