চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে

মো. জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: 

কুড়িগ্রামের চিলমারীতে পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে কয়েক দিন ধরে শারীরিক নির্যাতন ও অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সংগ্রামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি নিয়ে বাবা-মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় শিশুটি ওই শিক্ষকের বিরুদ্ধে নির্যাতন ও অনৈতিক আচরণের অভিযোগ করে।

পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চিলমারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক সংগ্রামকে হেফাজতে নেয়।

অভিযুক্ত শিক্ষক সংগ্রামের বাড়ি চিলমারী উপজেলার ঠগেরহাট মাস্টারপাড়া এলাকায় বলে জানা গেছে।

চিলমারী মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

শিশুটির নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ