পাকুন্দিয়ার চরখামা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা

নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরখামা গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে ‘নো ড্রাগস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার মঠখোলা ইউনিয়নের চরখামা মধ্যপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

আলোচনা সভা শেষে মাদক সেবনকারী ও বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পরে আজ থেকে চরখামা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তাদের আহ্বান—‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ-সুন্দর জীবন গড়ি।’ চরখামাকে মাদকমুক্ত রাখার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয়রা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুজিবুর রহমান, বাংলাদেশ পুলিশের এএসআই আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ফকির মাহবুবুল আলম এবং বিএনপি নেতা মো. মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ