হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারী ডুবিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম, অব্যবস্থাপনা এবং কাগজে-কলমে শিক্ষার্থী থাকলেও বাস্তবে না থাকার বিষয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফতর রহমান সাংবাদিক মো. শামছুল হককে ফোন করে ‘দেখে নেওয়া’ ও ‘শায়েস্তা করার’ হুমকি দেন। পাশাপাশি সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্যও করেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার সকাল ১১টা ৫ মিনিটে ০১৯২১-৬৩৫১৭৫ নম্বর থেকে সাংবাদিক শামছুল হকের মোবাইলে ফোন করা হয়। প্রায় ২ মিনিট ২৯ সেকেন্ডের কথোপকথনে তাকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিক মো. শামছুল হক বলেন, “তথ্য-প্রমাণ ও সরেজমিন অনুসন্ধানের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করেছি। সত্য সংবাদ প্রকাশ করায় আমার ওপর ক্ষুব্ধ হয়ে আমাকে শায়েস্তা করার হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।” তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন বলেন, “কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে প্রেসক্লাব বা সংশ্লিষ্ট গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু কোনো সাংবাদিককে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।”
