কিশোরগঞ্জে বিএমডিসির স্বীকৃতি ছাড়াই বিশেষজ্ঞ দাবি করে রোগী দেখার অভিযোগ ডা. আরিফ সিকান্দারের বিরুদ্ধে

মো. মনির হোসেন: কিশোরগঞ্জে বিএমডিসির স্বীকৃতি ছাড়াই এমডি (নিউরোলজি) পরিচয় ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে চিকিৎসক ডা. আরিফ সিকান্দারের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, তিনি নামের পাশে এমডি (নিউরোলজি) ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে ফেসবুক, লিফলেটসহ বিভিন্ন প্রচারমাধ্যমে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রচার করছেন এবং বিভিন্ন ক্লিনিকে রোগী দেখছেন। এমনকি ব্যবস্থাপত্রেও এই পরিচয় ব্যবহার করছেন।

জানা যায়, ডা. আরিফ সিকান্দার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে নিবন্ধিত এমবিবিএস চিকিৎসক। তিনি চীনের ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটি থেকে নিউরোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তবে বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিদেশ থেকে অর্জিত কোনো বিশেষজ্ঞ ডিগ্রি বিএমডিসি কর্তৃক স্বীকৃত না হওয়া পর্যন্ত সেই ডিগ্রি বা বিশেষজ্ঞ পরিচয় কোনো ধরনের প্রচারণা বা পেশাগত পরিচয়ে ব্যবহার করা যায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, বিদেশ থেকে অর্জিত কোনো ডিগ্রি বিএমডিসির স্বীকৃতি না পাওয়া পর্যন্ত সেটিকে বিশেষজ্ঞ পরিচয় হিসেবে ব্যবহার করা নিয়মবহির্ভূত। এ ধরনের পরিচয় ব্যবহার রোগীদের বিভ্রান্ত করতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. আরিফ সিকান্দার বলেন, এ বিষয়ে সিভিল সার্জন স্যারের সঙ্গে কথা বলে এসেছি। আপনি যদি আরও জানতে চান, তাহলে সিভিল সার্জন স্যারের সঙ্গে কথা বলতে পারেন।

অভিযোগের বিষয়ে সরাসরি জানতে চাইলে তিনি বলেন, আমার যে ব্যাপারগুলো, এগুলো সিভিল সার্জন স্যারকেই বলবো, কারণ উনি আমাদের প্রতিনিধি। আপনি যদি আরও কিছু জানতে চান, উনার কাছে আমার কাগজপত্র দিয়ে আসছি, সঙ্গে আমার বক্তব্যও দিয়ে আসছি। তাই উনার সঙ্গেই যোগাযোগ করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম বলেন, ডাক্তার আরিফ সিকান্দার তথ্য দিয়েছে, তিনি চীন থেকে এমবিবিএস এবং নিউরোলজির ওপর ডিগ্রি করেছেন। কিন্তু নিয়ম হচ্ছে, বিদেশ থেকে কোনো ডিগ্রি অর্জন করলে সেটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে স্বীকৃত হতে হবে। তার এমডি ডিগ্রির স্বীকৃতির প্রক্রিয়া চলমান, এখনো অনুমোদন পায়নি। তিনি বলেছেন, কিছু দিনের মধ্যে স্বীকৃতি পাবেন এবং প্রয়োজনীয় কাগজপত্রও দেখিয়েছেন। আমি তাকে বলেছি, বিএমডিসির অনুমোদন পাওয়ার পরই তিনি এমডি পরিচয় ব্যবহার করবেন। আপাতত তিনি শুধু এমবিবিএস পরিচয় ব্যবহার করে কার্যক্রম চালাবেন। প্রচারণামূলক বা পেশাগত কাজে ব্যবহার না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ