তাড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“সবুজ বৃক্ষ, সুখময় বসবাস; সবুজায়ন আমাদের গৌরব আয়োজন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। তারা বেশি বেশি গাছ লাগানো, পরিবেশ দূষণ রোধ এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন প্রকৃতি ও মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। এ সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন। আয়োজকরা জানান, শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারার সঠিক পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তারা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন কর্মসূচিতে সম্পৃক্ত করতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের Learning Improvement in Secondary Education (LEIS) প্রকল্পের আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

