কিশোরগঞ্জে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান: ২২৫টি নিষিদ্ধ রিং জাল জব্দ

নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের মিঠামইন, নিকলী, ভৈরব ও কটিয়াদী উপজেলায় পৃথক অভিযানে মোট ২২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং) জাল জব্দ এবং ২০০ মিটার অবৈধ বাঁধ অপসারণ করেছে মৎস্য বিভাগ। উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে সোমবার (২২ জুন) এসব অভিযান পরিচালনা করা হয়।

মিঠামইনে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ছোটদিঘা বিল ও দেওদাইর রাফায়েল বিলে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সহযোগিতা করে মিঠামইন নৌপুলিশ ফাঁড়ি। এ সময় ৩ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যের ৭০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সিংপুর সংলগ্ন ধনু নদী ও গোড়াদিঘা হাওরে পরিচালিত অভিযানে ১ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের ৬০টি চায়না দুয়ারী (রিং) জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে সহযোগিতা করে নিকলী থানা পুলিশ।

ভৈরবে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র নদীর কালিকাপ্রসাদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ২৫০ মিটার দৈর্ঘ্যের ৭৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। অভিযানে সহযোগিতা করে ভৈরব নৌ থানা পুলিশ।

এদিকে কটিয়াদী উপজেলার করগাঁও হাওরে পরিচালিত অভিযানে ৬০০ মিটার দৈর্ঘ্যের ২০টি চায়না দুয়ারী (রিং) জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা। পাশাপাশি ২০০ মিটার অবৈধ বাঁধ অপসারণ করা হয়। অভিযানে সহযোগিতা করে বাট্টা পুলিশ তদন্ত কেন্দ্র।

চার উপজেলার অভিযানে মোট ২২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং) জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ হাজার ৫৫০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৯ লাখ ৩০ হাজার টাকা।

পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে উপস্থিত স্থানীয় জনগণকে চায়না দুয়ারী (রিং) জাল ও কারেন্ট জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ