তাড়াইলে স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক চক্ষু সেবা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে প্রাথমিক চক্ষু সেবা বিষয়ে স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আনদেরি হিলফে (Andheri Hilfe)। কর্মশালাটি ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ পরিচালিত ‘ভিশন সেন্টার’ তাড়াইলের সহযোগিতায় বাস্তবায়ন করা হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ২২ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাদের প্রাথমিক পর্যায়ে চোখের বিভিন্ন রোগ শনাক্তকরণ, রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান, জটিল রোগীদের দ্রুত বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে রেফার করা এবং চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে চক্ষু স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে প্রাথমিক চক্ষু সেবা পৌঁছে দিতে সক্ষম হবেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে চক্ষু রোগ শনাক্তকরণ এবং রোগীদের যথাযথ চিকিৎসাসেবার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ