হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দোকান উচ্ছেদ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌরসভার ধান মহালের ভেতরে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভার ধান মহালের ভেতরে সরকারি জায়গা দখল করে কিছু ব্যক্তি অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় বাজারের কাপড়পট্টি এলাকার গলিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। প্রশাসনের অভিযানের খবর পেয়ে কয়েকজন দোকানদার আগেই তাদের মালামাল সরিয়ে স্থান ত্যাগ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বলেন, “দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান নির্মাণের কারণে বাজারের ভেতরে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বাজারের শৃঙ্খলা ও পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।”
অভিযানে হোসেনপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

