কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন ও বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা গ্রামের শিক্ষার্থী আসিবুল্লাহ সজীব (২০), হোসেনপুর উপজেলার হাফিজ উদ্দিন (৭৪) এবং পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চর তেরটেকিয়া গ্রামের মেহেদী হাসান রাসেল (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সজীব ও রিয়াদ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সজীবের অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে হোসেনপুর উপজেলার নিজ বাড়ির পাশের একটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশার চাপায় নিহত হন হাফিজ উদ্দিন। দুর্ঘটনার পর চালক অটোরিকশাসহ পালিয়ে যায়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক অটোরিকশা ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে পাকুন্দিয়া উপজেলার চর তেরটেকিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান যুবক মেহেদী হাসান রাসেল। সকালে বাড়ির পাশের জমিতে কাজ শেষে স্থানীয় একটি মুদির দোকানে বিশ্রাম নিতে যান তিনি। এ সময় দোকানের টিনের বেড়ায় হেলান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ