করিমগঞ্জে বৃদ্ধ ভিক্ষুক নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

মো. মনির হোসেন ও আনোয়ারুল কবীর: কিশোরগঞ্জের করিমগঞ্জে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধ ভিক্ষুক নারীকে ধর্ষণের অভিযোগে মো. খোকন (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করলে পরে তাকে আদালতে পাঠানো হয়।

রবিবার (৩১ মে) ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে করিমগঞ্জ থানায় মো. খোকন মিয়াকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত খোকন উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া গ্রামের মৃত আঃ ছমেদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জয়কা ইউনিয়নের খিদিরপুর গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা গত ২৩ মে বিকেলে ভিক্ষা করতে গিয়ে কান্দাইল গ্রামের একটি পরিত্যক্ত টিনশেড ঘরের সামনে পৌঁছান। এ সময় একই ইউনিয়নের মথুরাপাড়া গ্রামের মো. খোকন তাকে ডেকে ঘরের ভেতরে নিয়ে যান।

ঘরের ভেতরে নেওয়ার পর বৃদ্ধাকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে বেঁধে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কামড়ের চিহ্ন সৃষ্টি হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে, ঘটনাস্থল থেকে বের হয়ে বৃদ্ধা পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানে স্থানীয় এক নারী তাকে কাপড় দিয়ে ঢেকে দেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাটি জানতে পারেন। বিষয়টি নিয়ে স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগীর মেয়ে রবিবার করিমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা (নং-২৫) রুজু করা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। রবিবার অভিযোগ আমলে নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ