কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিল্লুর রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে কটিয়াদী পৌর সদরে বসবাস করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে ‘মুন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কালার ল্যাব’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। পাশাপাশি ‘অন-টাইম প্লেট অ্যান্ড গ্লাস’ নামে একটি কারখানাও পরিচালনা করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে প্রতিদিনের মতো নাশতা করে বাসা থেকে বের হন জিল্লুর রহমান। দুপুরে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনে কল গেলেও তিনি আর রিসিভ করেননি।

সোমবার সকালে স্ত্রী ও স্বজনরা ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভেতরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী অন্তরা বলেন, “শুক্রবার সকালে তিনি বাসা থেকে বের হন। এরপর দুপুরে শেষ কথা হয়। পরে ফোনে আর যোগাযোগ করা যায়নি। আজ দোকান খুলে দেখি তার মরদেহ পড়ে আছে।”

নিহতের চাচাতো ভাই আব্দুল হাশিম বলেন, “জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। আমাদের জানামতে তার সঙ্গে কারও শত্রুতা ছিল না। আমরা সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এদিকে, কারখানায় কাজ করা দুই কর্মী মদিনা ও শারমিন জানান, বৃহস্পতিবার দুপুরে তারা সর্বশেষ কাজ করে চলে যান। তাদের পাশাপাশি আরও একজন ড্রাইভার সেখানে কাজ করতেন। তবে তার নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। ঘটনার পর থেকে ওই ড্রাইভারেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনার খবর পেয়ে কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ