কিশোরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, ভোগান্তিতে শতাধিক পরিবার

মো. মনির হোসেন: কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া এলাকায় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ফরিদ উদ্দিন ও দ্বীন ইসলামের বিরুদ্ধে। এতে করে প্রায় ৩ থেকে ৪ শতাধিক পরিবারের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১ মে) বিকেলে স্বল্পমারিয়া এলাকায় দখলকৃত রাস্তার পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন এলাকাবাসীর পক্ষে মো. শাফিউল আলম অপু।

লিখিত বক্তব্যে তিনি জানান, বাসুরদিয়া মৌজার সিএস ও এসএ দাগ নং-০৩ এবং আরএস দাগ নং-০৪ এর সরকারি রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শতাধিক পরিবার যাতায়াত করে আসছে। কিন্তু সম্প্রতি ফরিদ উদ্দিন ও দ্বীন ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই রাস্তা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন। এলাকাবাসী বাধা দিলেও তারা জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যান।

তিনি বলেন, রাস্তা দখলের কারণে শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে, কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি কোনো যানবাহনও এখন আর ওই এলাকায় প্রবেশ করতে পারছে না।

এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার হলেও অভিযুক্তরা রাস্তা দখলমুক্ত করতে রাজি হননি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে দখলকৃত সরকারি রাস্তা উন্মুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানান ভোক্তভোগী এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, মো. রুস্তম আলী, মো. সিরাজ মিয়া, মো. জালাল মিয়া, মো. মলাই মিয়া, সাইফুল ইসলাম মিন্টু, মো. শাহ আলম, মো. জাহেদুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ