কালবৈশাখীর তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকেই আকাশে কালো মেঘ জমে। এরপর শুরু হয় প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত। ঝড়ের তীব্রতায় বিভিন্ন এলাকার অসংখ্য গাছ উপড়ে পড়ে, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সড়কের ওপর গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।
এদিকে, মাঠের পাকা ও আধাপাকা বোরো ধানসহ বিভিন্ন ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ এ দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
স্থানীয়রা জানান, ঝড়ের সময় আতঙ্কে অনেকেই নিরাপদ আশ্রয়ে ছুটে যান। ঝড় থামার পর ক্ষয়ক্ষতির চিত্র দেখে হতাশ হয়ে পড়েন তারা।

