তেল নিতে লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু,
শিবলী সাদিক, রাজশাহী:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে তীব্র দাবদাহের মধ্যে পেট্রোল পাম্পে তেল নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
মৃত ওই বৃদ্ধের নাম আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৬০)। তিনি কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রখর রোদের মধ্যে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবার থেকে আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশের একটি দল নিহতের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, গত তিনদিন ধরে রাজশাহীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। প্রখর রোদ ও দাবদাহে দুপুরের পর শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে পড়ে এবং জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।

