বর্ণিল আয়োজনে আদমদীঘিতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:
মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ” পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে আয়োজিত শোভাযাত্রাটি পরিষদ চত্বর থেকে বের হয়ে বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়, যা নববর্ষের আনন্দে যোগ করে বাড়তি মাত্রা।
এদিকে আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় স্থান পেয়েছে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক নানা পণ্য ও উপকরণ।

