আমিনুল ইসলাম বাবুল :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার জন্য উপজেলা পরিষদ চেযারম্যানপদ ছাড়লেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ।
গত সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু।
জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে অওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য রেখে এখনও রাজনীতি করছি। এ কারণে তৃণমুলের নেতাকর্মীদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। দলীয় মনোনয়ন পেয়েছি। সংসদ নির্বাচন করতেই উপজেলা পরিষদের চেয়ারম্যানেরপদ থেকে পদত্যাগ করেছি।’
জানা যায়, ২০১৮ সালে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগ থেকে নাসিরুল ইসলাম খান অওলাদকে মনোনয়ন দেওয়া হয়। পরে তা পরিবর্তন করে মহাজোটের প্রার্থী বর্তমান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে মনোনয়ন দেওয়া হয়।

