বর্ণাঢ্য আয়োজনে হোসেনপুরে পহেলা বৈশাখ উদযাপন
শামছুল হকহো, সেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার নেতৃত্বে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকালে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে অংশ নেন এবং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করেন।
পরে উপজেলা পরিষদ মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসাদুলজ্জামান খান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও মুখোশ নিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা সম্ভব।
উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনের মধ্য দিয়ে হোসেনপুরবাসী নতুন বছরকে বরণ করে নেয় আনন্দ, সম্প্রীতি ও আশাবাদের বার্তা নিয়ে।

