বড়ইয়া ইউনিয়ন নির্বাচন ঘিরে উত্তাপ, আলোচনায় একাধিক সম্ভাব্য প্রার্থী

বরিশাল ব্যুরোঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫ নম্বর বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উত্তেজনা। চেয়ারম্যান পদকে ঘিরে ইতোমধ্যে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন।

বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুইজন সম্ভাব্য প্রার্থী—সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাশার এবং বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহাউদ্দীন বাচ্চু।

আবুল বাশার ইতোমধ্যে মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। তিনি একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

অন্যদিকে, বাহাউদ্দীন বাচ্চুও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন। তিনি শিক্ষা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে একটি ন্যায়-অন্যায়মুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়াও সম্ভাব্য প্রার্থী হিসেবে ইলিয়াস হাওলাদার ও আতিকুল ইসলাম আতিক–এর নামও শোনা যাচ্ছে। এতে করে নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও জমজমাট হয়ে উঠেছে।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বড়ইয়া ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে এবং সাধারণ মানুষের আগ্রহও বাড়ছে দিন দিন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ