ঝালকাঠিতে কলেজ উন্নয়ন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

বরিশাল ব্যুরোঃ

ঝালকাঠির বাসন্ডা এলাকায় অবস্থিত আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজে উন্নয়ন প্রকল্পের নামে অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, “মসজিদ উন্নয়ন” খাতে বরাদ্দ দেখানো হলেও বাস্তবে ওই নামে কোনো স্থাপনার অস্তিত্ব পাওয়া যায়নি।

সূত্রে জানা যায়, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ঝালকাঠি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে “আকলিমা মোয়াজ্জেম হোসেন জামে মসজিদ উন্নয়ন” শিরোনামে ১৫ লাখ টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে স্থানীয়ভাবে সরেজমিনে গিয়ে এ নামে কোনো মসজিদ বা নির্ধারিত নামাজের স্থান পাওয়া যায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ যুথিকা মন্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

অন্যদিকে ঝালকাঠি জেলা পরিষদের বর্তমান প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, ভবিষ্যতে সব উন্নয়ন প্রকল্প যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ