বরিশালে ১০ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ প্রশাসনের
বরিশাল ব্যুরো:
বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা সব অবৈধ দোকান ও স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১০ এপ্রিলের মধ্যে এসব স্থাপনা অপসারণ করতে হবে।
প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হলে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নগরীর যানজট নিরসন ও পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে আইনগত জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
এদিকে, নগরবাসী বলছেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও অবৈধ দোকানের কারণে চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়ন হলে নগরীতে শৃঙ্খলা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

