কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুধ, কলা, পাউরুটি ও ডিম বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেফতাহুল হাসান বলেন, দেশের ১৫০টি উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিফিন কর্মসূচি চালু করেছে সরকার। সপ্তাহে ছয় দিন শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পাবে, যেখানে থাকবে মৌসুমী ফল, দুধ, ডিম, পাউরুটি ও বিস্কুট। খাবারের মান বজায় রেখে সঠিকভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল ফিডিং কর্মসূচির পরিবেশক হাজী মো. দেলোয়ার হোসেন মান্নান ও সাইদুর রহমান।

স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সপ্তাহজুড়ে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত রয়েছে বিভিন্ন পুষ্টিকর খাবার। রোববার বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমী ফল বা কলা, এবং বুধবার ও বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম প্রদান করা হবে।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ