আর্থিক সংকটে কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

মো. জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আর্থিক সংকটে পরিবারের কাছে টাকা না পেয়ে আজিমুল ইসলাম (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজিমুল ইসলাম ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের অটোচালক ফজলুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তিনি বাড়িতে এসে বাবার কাছে একটি বড় অঙ্কের টাকা চান। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা সেই টাকা দিতে পারেননি। এতে অভিমান করে আজিমুল নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার মা দ্রুত বিষয়টি টের পেয়ে রশি কেটে তাকে উদ্ধার করেন।

পরিবারের সদস্যরা প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

আজিমুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়রা শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন। বিকেল ৩টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হয়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিক সংকটের কারণেই এমন ঘটনা ঘটেছে।”

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান নাঈম জানান, ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ