কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে এক ব্যক্তির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম শহীদ বলেন, গত ৩১ মার্চ কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বাবুল মিয়া নামে এক ব্যক্তির ওপর একটি অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। তবে ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার নাম জড়িয়ে ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে।

শহীদুল ইসলাম শহীদ বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে ইচ্ছাকৃতভাবে জড়ানোর অপচেষ্টা চলছে। আমি এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত।”
তিনি প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করার দাবি জানান এবং অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। সঠিক তথ্য যাচাই করে সত্য ঘটনা তুলে ধরা তাদের দায়িত্ব।” এ সময় তার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাউপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ