হোসেনপুরে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা

হোসেনপুর( কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার সাহেবের চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা এবং সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।

প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বেকু (ড্রেজার) দিয়ে বালু উত্তোলনের সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ (সংশোধিত ২০২৩) লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে ও নদী রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ