ধামইরহাটে ১২ শতকের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ১১-১২ শতকের দুটি কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, ২৫ মার্চ রাতে উপজেলার আগ্রাদ্বীগুন বিওপির সীমান্ত পিলার ২৫৮ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর এলাকায় মূর্তিগুলো কেনাবেচার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তির মধ্যে একটি বিষ্ণু মূর্তি, যার ওজন ৩৭ দশমিক ৯৭০ কেজি। অপরটি পার্বতী মূর্তির ভাঙা অংশ (পায়ের অংশ), যার ওজন ১৪ দশমিক ৯২০ কেজি।
বিজিবি জানায়, পত্নীতলা জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার ও পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ানের প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে—মূর্তিগুলো ১১-১২ শতকের উচ্চমানের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
উদ্ধার হওয়া এসব মূল্যবান প্রত্নসম্পদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

