স্বেচ্ছাসেবক দল নেতার প্রভাবে সরকারি জমি দখলের অভিযোগ, সওজের নোটিশ

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত শিক্ষক কিউ. জেড. এম রুহুল কুদ্দুসের বিরুদ্ধে। এ ঘটনায় নির্মাণ কাজ বন্ধ রেখে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছে সওজ বিভাগ।

জানা গেছে, নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে হিরণপুর বাজার এলাকায় রুহুল কুদ্দুসের বাড়ি। তার পাশেই রয়েছে ব্যবসায়ী ও বৈরাটী ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. জজ মিয়ার তিনতলা ভবন। দীর্ঘদিন ধরে তারা পাশাপাশি বসবাস করে আসছেন।

অভিযোগ রয়েছে, রুহুল কুদ্দুসের ছেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনের পর সওজের অধিগ্রহণকৃত জমিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়।

বিষয়টি নজরে আসার পর গত ১০ মার্চ নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র নির্মাণ কাজ বন্ধ করে পাঁচ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেন।

এদিকে পার্শ্ববর্তী ব্যবসায়ী জজ মিয়ার অভিযোগ, তার বাড়ির সীমানার ভেতরে জোর করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে বাধা দিলে তাকে মারধর করা হয়। এ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে হিরণপুর বাজারে গিয়ে দেখা যায়, সড়কের পাশে নির্মাণাধীন স্থাপনার জায়গায় ইট ও নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে। সেখানে কিছু শ্রমিক কাজ করছেন এবং উভয় পক্ষের লোকজন অবস্থান করছেন।

পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পরদিনই সরকারি জায়গা ও অন্যের সীমানা দখল করে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। এ ধরনের কাজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল। তিনি বলেন, ‘আমাদের নিজেদের ক্রয় করা জায়গায় নির্মাণ কাজ করা হচ্ছে। দলীয় প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

রুহুল কুদ্দুস বলেন, ‘আমি নিজের জায়গায় কাজ করছি। সরকারি জায়গা দখলের বিষয়টি সঠিক নয়। তবে সওজ বিভাগ নোটিশ দেওয়ায় আপাতত কিছু অংশের কাজ বন্ধ রাখা হয়েছে।’

এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন বলেন, নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ রাখতে নোটিশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ