সাজেক থেকে ফেরার পথে জীপ দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
মোঃ হাসান আলী,
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে হাউজপাড়া এলাকায় একটি জীপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা পিংকি (২৩) ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন শিক্ষার্থী। স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন এবং আহতদের দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সাজেক থানার ওসি কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেলেও আহতদের নাম-পরিচয় এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সকালে সাজেক থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়। গাড়িতে মোট ১২ জন শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলেই পিংকির মৃত্যু হয়।
এদিকে পর্যটকদের অভিযোগ, ফিটনেসবিহীন গাড়ি এবং অদক্ষ চালকদের কারণে সাজেক সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এসব বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে এমন দুর্ঘটনা পর্যটকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকের আশঙ্কা, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিলে সাজেক ভ্রমণ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

