গ্রামেই কাটছেন সঙ্গীতশিল্পী রিংকু সময়, করেছেন কৃষি খামার
বিনোদন ডেস্ক
সংগীত প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গানে মেধার স্বাক্ষর রেখে নাম লিখিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে। বলা চলে বেশ রাজকীয় আবির্ভাব ছিল তার। অসংখ্য গান শ্রোতাপ্রিয় হওয়ায় ক্যারিয়ার জমে গিয়েছিল। বলছি সঙ্গীতশিল্পী রিংকুর কথা।
পরপর চারবার স্ট্রোকে বিপর্যস্ত হয় তার ক্যারিয়ার। হারান গান করার ক্ষমতাও। ২০২০ সাল থেকে তার শরীরের বাঁ পাশ অবশ হয়। এরপর কেটে গেছে কয়েক বছর। শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। টুকটাক গানও করছেন। প্রয়োজনে রাজধানীতে এলেও থিতু হননি। বেছে নিয়েছেন গ্রামের জীবন। গড়ে তুলেছেন খামার।
সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছিলেন। দৃশ্যধারণ শেষে আবারও তিনি ফিরে যান নওগাঁয়, নিজের বাড়িতে। এর মাঝে কথা হয় সংবাদমাধ্যমের সঙ্গে।
রিংকু বলেন, গ্রামে থাকি। আমাদের জেলার মধ্যে আমাদের গ্রামটায় শিক্ষিতের হার বেশ। গ্রামে থাকার মতো পরিবেশ আছে। আমার নিজের কৃষি ফার্ম আছে, যেখানে আমার সময় চলে যায়। গ্রামে থাকতে ভালোলাগে। ঢাকায় থাকলে কেউ কাউকে চেনে না। দেখা যায়, পাশাপাশি থাকি, কিন্তু কেউ কাউকে চিনি না। গ্রামে তো সবাই সবাইকে চেনে। তাই গ্রামে থাকতেই আমার ভালো লাগে।
শরীর আগের মতো নেই রিংকুর। কবে পুরোপুরি সুস্থ হবেন জানেন না। এ প্রসঙ্গে বলেন, যে ডাক্তারের কাছেই যাই, সেই ডাক্তারই বলে, সময় লাগবে। কবে পুরোপুরি সুস্থ হবো জানি না।
রিংকুর মুক্তি প্রতীক্ষিত নতুন গানের নাম ‘মন দিয়া কেউ ভালোবাসে না’। কথা-সুর রাকিব আলীর। সংগীত পরিচালনা করেছেন মিলন।

