কিশোরগঞ্জে উপবৃত্তির টাকা ছিনতাইকে কেন্দ্র করে গৃহবধূর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

মো. মনির হোসেন: কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদের শিমুলিয়া গ্রামে বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ পারভিন এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে পারভিন অভিযোগ করেন, তার ছেলে সাকিব (১২), পঞ্চম শ্রেণির ছাত্র, স্কুল থেকে উপবৃত্তি পেয়ে এক হাজার টাকা নিয়ে মেলায় যাওয়ার পথে শ্রীমন্তপুর এলাকার কয়েকজন ছেলে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর এলাকার কয়েকজন এসে তার বড় ছেলে রাকিবকে বিষয়টি জানায়। রাকিব এ নিয়ে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটি করে।

তিনি জানান, এ ঘটনায় ওইদিন রাতেই ২০-৫০ জন যুবক তাদের বাড়িতে গিয়ে রাকিবকে মারার জন্য খুঁজতে থাকে এবং স্বামী কাজল মিয়া তাদের কাছে ক্ষমা চায়। ভবিষ্যতে তাদের এলাকায় গেলে পিটিয়ে মারা হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা।

পারভিনের অভিযোগ, এই ঘটনার জের ধরে গত শুক্রবার (৮ আগস্ট) রাতে ২০-৫০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায় ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা এক কাপড়ে ঘর ছেড়ে পালাতে বাধ্য হন। বর্তমানে তিনি স্বামী-সন্তান নিয়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এ ঘটনায় ওইদিন রাতেই কিশোরগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ পারভিন।

অভিযোগে বলা হয়, গত ৮ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকার বিল্লাল মেম্বারের নেতৃত্বে অন্তত ২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর স্বামী কাজল মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে বাম হাতের আঙুল কেটে গুরুতর জখম হয়। হামলাকারীরা পেট্রোল ঢেলে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, মোটরসাইকেলসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।

অভিযোগে আরো বলা হয়, বিবাদীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, এজন্য ভুক্তভোগী পারভিন ও তার পরিবার ভয়ে বাড়ি যাওয়ার সাহস পাচ্ছেনা।

সংবাদ সম্মেলনে পারভিন তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এসময় ভুক্তভোগী পারভিন, স্বামী কাজল মিয়া, কাজলের বোন মাজেদা ও কয়েকজন আত্মীয়-স্বজনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ