কিশোরগঞ্জে রেলস্টেশনে চুরি: মালামালসহ এক চোর গ্রেফতার
নূর মোহাম্মদ
কিশোরগঞ্জের গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের কক্ষে দুর্ধর্ষ চুরি হয়েছে। পরে রেলওয়ে থানা পুলিশের অভিযানে এক চোরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চুরি হওয়া কম্পিউটারসহ টিকিট বিক্রির বিভিন্ন সরঞ্জামাদি।
আজ মঙ্গলবার (৫ আগষ্ট ) ভোররাতে এ চুরির ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা রে রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের কার্যালয়ে চুরি হয়।
গচিহাটা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোঃ আউলাদ হোসেন জানান, চোর রুমের তালা ভেঙে টিকিট বিক্রির কাজে ব্যবহার করা কম্পিউটার, রাউটার, আইপিএস মেশিন, টিকিট বিক্রির সরমজাদি সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে চুরির বিষয়টি জানতে পারেন রেলওয়ে কর্তৃপক্ষ। খবর দেয়া হয় জিআরপি থানায়।
খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ বাহাউদ্দিন ফারুকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। উপজেলার সহস্রাম এলাকা থেকে সাইফুল ইসলাম শরীফ (৩২) নামে এক চোরকে আটক করা হয়। এ সময় তার বসতঘর থেকে চুরি হওয়া কম্পিউটারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম শরীফ কটিয়াদী উপজেলার সহস্রাম গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার নামে থানায় একাধিক চুরির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

