কিশোরগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্ট্রোক করলেন প্রধান শিক্ষক
মোঃ সাব্বির হোসেন
কিশোরগঞ্জ জেলা শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরে স্ট্রোক করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (০৪ সেপ্টেম্বর) বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে জড়ো হয়ে আন্দোলন করতে থাকে। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এসময় শিক্ষার্থীরা ফেসবুকে লাইভ করতে থাকে তা দেখে প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত আবাসিক চিকিৎসক বলেন, দুপুর ২টার দিকে জ্ঞান হারানো অবস্থায় একজন শিক্ষককে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উনি স্ট্রোক করেছিলেন। বর্তমানে প্রধান শিক্ষক আশংকাজনক অবস্থায় রয়েছে, তাকে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ জানান, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

