কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

মনিরুজ্জামান

কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজ সংলগ্ন ট্যানারীপাড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাদমান সাদিক (১৬) নামে এক কিশোরের প্রাণ গিয়েছে। এসময় অপর আরোহী হিমু সরকার (১৬) গুরুতরভাবে আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। দুজনেই আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধরলা ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ভিতর প্রবেশ করলে মোটরসাইকেলসহ দুই কিশোরের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাদমান সাদিক কুড়িগ্রাম পৌরএলাকার পলাশবাড়ী বাণিয়াপাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। হিমু সরকার শহরের গাড়িয়ালপাড়ায় পরিবারের সাথে ভাড়া থাকে বলে জানা গেছে। হিমু ভেলাকোপা গ্রামের শিক্ষক মো. নুর ইসলামের ছেলে। নিহতের বন্ধু সাইনান জানায়, হিমু তার মোটরসাইকেল নিয়ে সাদমান সাদিকসহ ধরলা ব্রীজে বেড়াতে যাওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহত সাদিক ও হিমুর পরিবারের আত্মীয়স্বজনের কান্নায় হাসপাতাল চত্বরের বাতাস ভারী হয়ে উঠে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ