পাকুন্দিয়ায় হরতাল সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল ও বাস ভাংচুর

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হরতাল সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় বিএনপির নেতাকর্মীরা পৌরসদর বাজারে মিছিল শেষে একটি বাস ভাঙচুর করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে পৌরসদরের হাপানিয়া এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরিফুল আলম সুজন। মিছিলটি পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে হরতালের সমর্থনে একটি যাত্রীবাহী জলসিঁড়ি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে নেতাকমীরা। এ সময় পুরো বাজার এলাকায় আতঙ্ক তৈরি হয় এবং ব্যবসায়ীরা দোকানের সার্টার বন্ধ করে দেয়। অপরদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চরফরাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল উদ্দিনের নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে একটি বাসকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ