৩ রাজনৈতিক দলকে আমেরিকার চিঠি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ও শর্তহীন সংলাপে বসতে প্রধান ৩ রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছে আমেরিক। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে এই আহবান জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
পাশাপাশি যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে পূর্বঘোষিত মার্কিন ভিসানীতি কার্যকর হবে বলে মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে জানান, ‘যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আমরা সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাই। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না।’
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার বিকালে জাতীয় পার্টির দফতরে গিয়ে লু’র লেখা চিঠি দিয়ে আসেন। তিনি জানিয়েছেন, মার্কিন প্রশাসন চায় দেশের তিন প্রধান দল মুখোমুখি আলোচনায় বসুক। তিন দলকেই একই চিঠি দেওয়া হয়েছে।
শর্তহীন আলোচনার প্রস্তাব এর আগে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও দিয়েছিলেন। জবাবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দেন, বিএনপি সন্ত্রাসী দল। তাদের সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না।
অন্যদিকে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবিচল। বাংলাদেশের সংবিধানে তেমন সরকারের বিধান নেই। বিএনপি’র দাবি অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। অন্যদিকে, জাতীয় পার্টি জাতীয় সরকারের অধীনে ভোট করার পক্ষপাতী।
বাংলাদেশের বিষয়ে গত শনিবার ভারত নিজের অবস্থান স্পষ্ট করে দেয়, যা আমেরিকার সম্পূর্ণ ভিন্ন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা জানিয়ে দেন, ভারত মনে করে বাংলাদেশের নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ বিষয়। অন্য কোনও দেশের সেখানে হস্তক্ষেপের সুযোগ নেই।

