পাগলনামা
জাহাঙ্গীর আলম জাহান
ছাগল যদি পাঁচটা থাকে পাগল আছে দশটা
জরিপ করে হিসাব দিলেন এন্থনি ডি কস্টা।
যেমন ধরুন টাকার পাগল
অন্যকে তেল মাখার পাগল
শীর্ষে উঠে থাকার পাগল
নিজকে সেরা রাখার পাগল
এমন পাগল ভুরিভুরি আছে হাজার-বিজারে
কত পাগল হচ্ছে তৈয়ার শল্যবিদের সিজারে।
খ্যাতির পাগল আগল ভেঙে দিচ্ছে কত যজ্ঞ
নিজের নামে নিজেই লাগায় ‘ছন্দ বিশেষজ্ঞ’।
লাগাক তাতে দোষ দেখি না, কিন্তু মরি হাস্যে
যখন দেখি ভুল হাজারো তার লিখিত ভাষ্যে।
লেখার পাগল
দেখার পাগল
শেখার পাগল অল্প
এই ছড়াতে তাই লিখেছি সেই পাগলের গল্প।

