পরিচ্ছন্ন কিশোরগঞ্জ গড়তে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: বিডি ক্লিন। লক্ষ্য পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার। কিশোরগঞ্জসহ দেশের নানা প্রান্তে সক্রিয় এই স্বেচ্ছাসেবি সংগঠন। তবে কিশোরগঞ্জে তাদের কার্যক্রম পেয়েছে ভিন্ন মাত্রা। প্রতি শুক্রবার জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযান চালায় তারা।
সব বয়সের তরুণ-তরুনী কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, শহরের অলিগলি, হাট বাজার, অফিস, এমনকি বিনোদন পার্ক সবখানেই সক্রিয় তারা। উদ্দেশ্য, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। তারা এই কাজ করছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।
স্বেচ্ছাসেবী এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত স্থানীয় প্রশাসনও। পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে, বাংলার প্রতিজন নাগরিককে সচেতন করতে এবার পুরোপুরিভাবে তৈরি বিডি ক্লিন কিশোরগঞ্জ পরিবার।
রবিবার (২০ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সাথে বিডি ক্লিন কিশোরগঞ্জ এর আনুষ্ঠানিক উদ্ভোদন উপলক্ষে শুভেচ্ছা সাক্ষাত করেন বিডি ক্লিন কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় বিডি ক্লিন কিশোরগঞ্জ এর নেতৃবৃন্দ জেলা প্রশাসককের হাতে ফুলের তোড়া তুলে দেন।
সাক্ষাতকালে জেলা প্রশাসক বলেন খুবই ভালো উদ্যোগ। সবসময় কাজ করে যাও, কোনো প্রকার সাহায্য প্রয়োজন হলে বলো সার্বিকভাবে সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক হৃদয়, সহ-সমন্বয়ক নাদিয়া ইসলাম, উপ-সমন্বয়ক লজিষ্টিক আবির হাসান, উপ-সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া সুপ্রতীক সরকার উৎস প্রমুখ।
পরিচ্ছন্নতা শুরু হোক নিজের ঘর ও আঙিনা থেকে এই স্লোগান বুকে ধারণ করে পরিচ্ছন্ন দেশ গড়তে সমাজের সবাই এগিয়ে আসবেন এমন প্রত্যাশা বিডি ক্লিনের।

