কিশোরগঞ্জে খেলাধুলা ও অ্যাথলেটিকস পুরস্কার
জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা শিক্ষা কর্মকর্তা ও শীতকালীন ক্রীড়া সমিতির সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রেস কাবের সভাপতি মোস্তফা কামাল, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন ও শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. নাদিরুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। বৃহস্পতিবার থেকে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়ে শনিবার শেষ হয়। এসব প্রতিযোগিতায় ১৬ পয়েন্ট পেয়ে জেলা সদরের আরজত আতরজান স্কুলের মোছা. জ্যোতি বালিকা (মধ্যম) ক্যাটাগরিতে, একই স্কুলের ফারদিন আক্তার রাত্রী ১৭ পয়েন্ট পেয়ে বালিকা (বড়) ক্যাটাগরিতে, সদর উপজেলার যশোদল উচ্চ বিদ্যালয়ের মুস্তাকিম ১৮ পয়েন্ট পেয়ে বালক (ছোট) ক্যাটাগরিতে এবং কটিয়াদী উপজেলার চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়ের ফরহাদ মিয়া ১৬ পয়েন্ট পেয়ে বালক (মধ্যম) ক্যাটাগরিতেক ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে। শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিকস জেলা সমিতির আয়োজনে পরিচালিত এই প্রতিযোগিতায় জেলার প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় বলে জানা গেছে।

