ধামইরহাটে ছাত্রদলের উদ্যোগে ২২০ গাছের চারা রোপণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ২২০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ, এমএম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তাকিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আড়ানগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহারিয়া ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সাজু, ফয়সাল আহমেদসহ অনেকে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষ নিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও প্রয়োজন।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে। শিক্ষার্থী ও তরুণ সমাজকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা গেলে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। তাদের দাবি, ২০২৬ সালের ১৩ জুন কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।

