বক্স অফিসে ৮০০ কোটির ঝড়

নিউজ ডেস্ক:

মুক্তির এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই বিশ্বজুড়ে ৮০০ কোটির বেশি আয় ‘রামায়ণ’ পার্ট ১-এর। এবার ৯৯তম অস্কারের মূল প্রতিযোগিতায় বিবেচনার জন্য ছবিটি জমা দিলেন নির্মাতারা। অপেক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির আবহে গত ৫ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ পার্ট ১।

ছবিটির আকাশছোঁয়া সাফল্য কেবল বিপুল আয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং মুক্তির রেশ কাটতে না কাটতেই এটি গড়ে ফেলেছে এক বিরাট নজির। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মূল প্রতিযোগিতায় সামিল হওয়ার লড়াইয়ে নামল রণবীর কাপুর এবং সাই পল্লবী অভিনীত এই মহাথ্রিলার ছবি।

ছবির নির্মাতাদের তরফে সরাসরি অস্কার কমিটির কাছে বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে ‘রামায়ণ’ পার্ট ১। তবে এই প্রসঙ্গে স্পষ্ট করে রাখা ভালো, ছবিটি চলতি বছরে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে অস্কারে পাঠানো হয়নি। ভারতের তরফে এবার অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে অফিশিয়ালি পাঠানো হয়েছে একটি মারাঠি ছবি, যার নাম ‘গোন্ধাল’।

তবে ভারতের পক্ষ থেকে সরকারিভাবে মনোনীত না হলেও, নির্মাতারা যে স্বতন্ত্রভাবে এই ছবি অস্কারের জন্য জমা দিতে পারবেন না, এমনটা নয়। অ্যাকাডেমির নির্ধারিত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারলেই যে কেউ মনোনয়ন জমা দিতে পারেন। এই মূল বিভাগে এন্ট্রি পাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে—আমেরিকার নির্দিষ্ট কিছু শহরে ছবিটিকে পরপর টানা ৭ দিন থিয়েটারে প্রদর্শিত হতে হয়।

এই তালিকায় থাকা শহরগুলির মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, স্যান ফ্রান্সিসকো, শিকাগো, ডালাস ফোর্ট ওয়ার্থ এবং আটলান্টা। এর মধ্যে যেকোনো একটি শহরে ছবি যদি একটানা সাত দিন প্রেক্ষাগৃহে চলে, তবে ডিস্ট্রিবিউটর বা নির্মাতারা এন্ট্রি ফর্ম পূরণ করে মনোনয়ন জমা দেওয়ার যোগ্যতা অর্জন করেন।

পরিচালক নীতীশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রার হাত ধরে তৈরি এই বিগ বাজেটের ছবিতে তারকার মেলা বসেছে। রাম ও সীতার ভূমিকায় রণবীর কাপুর ও সাই পল্লবীর পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন রবি দুবে, সানি দেওল, রকুলপ্রীত সিং, কাজল আগরওয়ালের মতো প্রথম সারির তারকারা।

ছবি মুক্তির পর এখনও এক সপ্তাহও পূর্ণ হয়নি, অথচ এর মধ্যেই বিশ্বজুড়ে বক্স অফিসে ৮০০ কোটি টাকারও বেশি আয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছে ‘রামায়ণ’ পার্ট ১। বক্স অফিসে এই চোখধাঁধানো সাফল্যের পর এবার আন্তর্জাতিক মঞ্চে অস্কারের দৌড়ে ছবিটির এই এন্ট্রি সিনেপ্রেমীদের উৎসাহকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ