অগ্রিম বুকিংয়ে ঝড়, ৩৭ কোটি আয় ‘দৃশ্যম ৩’ সিনেমার
নিউজ ডেস্ক:
অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’ মুক্তি পেতে যাচ্ছে ২ অক্টোবর। জনপ্রিয় ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে দর্শকদের মধ্যে শুরু থেকেই ছিল ব্যাপক আগ্রহ। মুক্তির আগেই সেই উন্মাদনার প্রভাব দেখা গেল সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনের অগ্রিম বুকিং থেকেই প্রায় ৩৭ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ৩’। ফলে সিনেমাটি মুক্তির আগেই বক্স অফিসে ভালো সাড়া পাওয়ার ইঙ্গিত দিচ্ছে অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান।
ভারতীয় সিনেমার তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে ব্লকড সিটসহ ২৮ কোটি ৮৪ লাখ রুপি আয় করেছে। আর প্রথম তিন দিনের বুকিং মিলিয়ে সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩৭ কোটি ৮৭ লাখ রুপি।
রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। এরপর রয়েছে দিল্লি ও গুজরাত। শহরভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। সেখানে অগ্রিম বুকিং থেকে সিনেমাটির আয় ৪ কোটি ৫৩ লাখ রুপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে মুম্বাই, যেখানে আয় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ রুপি।
এ ছাড়া পুণেতে ১ কোটি ৬৯ লাখ রুপি, বেঙ্গালুরুতে ৯০ লাখ ১৩ হাজার রুপি এবং কলকাতায় ৭৮ লাখ ৩৩ হাজার রুপির টিকিট বিক্রি হয়েছে।
‘দৃশ্যম ৩’সিনেমায় এবার বিজয় সালগাঁওকরের সামনে হাজির হচ্ছেন নতুন প্রতিপক্ষ। ক্রাইম ব্রাঞ্চের এসপি রাজবীর সিং তোমর চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। ফলে অজয় দেবগন ও জয়দীপ আহলাওয়াতের মুখোমুখি সংঘাত সিনেমাটির অন্যতম আকর্ষণ হতে চলেছে।
সিনেমাটিতে অজয় দেবগন ও জয়দীপ আহলাওয়াত ছাড়াও অভিনয় করেছেন শ্রিয়া শরণ, তব্বু, ইশিতা দত্ত, রজত কাপুর ও প্রকাশ রাজ। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।
এদিকে ‘দৃশ্যম ৩’সিনেমায় থাকছে আরও একটি চমক। সিনেমাটিতে লাকি আলির কণ্ঠে শোনা যাবে ‘মুসকুরা দো’ গানটি। প্রায় দুই বছর পর এই গানের মাধ্যমে বলিউডে ফিরছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
এর আগে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দো অউর দো পেয়ার’ সিনেমায় ‘তু হ্যায় কহাঁ’ গানটি গেয়েছিলেন লাকি আলি। তারও আগে ২০১৫ সালে ‘তমাশা’ সিনেমায় তার গাওয়া ‘সফরনামা’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
‘দৃশ্যম ৩’ সিনেমাটি মুক্তির আগে চাইলে দর্শকরা ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমাও দেখে নিতে পারবেন। প্রথম ‘দৃশ্যম’ পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত। দ্বিতীয় কিস্তি পরিচালনা করেন অভিষেক পাঠক। দুটি সিনেমাই অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।
আইএমডিবির তথ্য অনুযায়ী, ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’-দুটি সিনেমারই রেটিং ৮ দশমিক ২। এবার তৃতীয় কিস্তিতে বিজয় সালগাঁওকর কীভাবে পুলিশের চোখে ধুলো দেন, সেটিই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

